বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোস্তফা কামালকে হেনস্তা ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হাসানুর জামান মিন্টু নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিজ কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মোস্তফা কামাল।
এ বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক মোস্তফা কামাল কালবেলাকে বলেন, ‘দুপুরে ১টার দিকে আমি নিজ কার্যালয়ে ঢুকলে তারা আমার পেছনে পেছনে ঢুকে। এ সময় হাসানুর জামান মিন্টু এবং মিলন নামে দুজন ব্যক্তি আমার কক্ষে আসেন। তারা লাইভে থাকা একটি ইলেকট্রনিক টেন্ডার তাদের দিতে বলে। পরে তাকে জানানো হয়, যথাযথ নিয়মানুসারে টেন্ডারে অংশগ্রহণ করে যে পাওয়ার যোগ্য হবেন তাকেই দেওয়া হবে।’
‘এ সময় মিন্টু একজনকে ফোন করে লাউড স্পিকারে দেন। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি আমাকে গালাগাল ও হুমকি দিতে থাকে। এতে আমি বিব্রত বোধ করি এবং তাকে ফোন রাখতে বলি। পরে মিন্টু বলে যে কোনো মূল্যে তাকে টেন্ডারটি দিতে হবে। অন্যথায় আমাকে পিটিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দেন। এক পর্যায়ে থাপ্পড় মারতে তেড়ে আসে। আমি এর প্রতিবাদ করলে তিনি আরও হুমকি দেন।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাসানুর জামান মিন্টু কালবেলাকে বলেন, ‘আমি কেন তাকে হুমকি দেব, থাপ্পড় দেওয়ার চেষ্টা করবে। এসব মিথ্যা। পিডির টেন্ডার দেওয়ার ক্ষমতা আছে। আমি তাকে থাপ্পড় দিতে যাইনি।’
