Published on
:
1 min read
এই সময়, কাঁচরাপাড়া: ব্রিটিশ আমলের রাইটার্স বিল্ডিং গড়ে তাক লাগিয়েছে কাঁচরাপাড়ার ১৬-র পল্লি দুর্গাপুজো কমিটি। প্রতিমা এখানে সাবেকি। ৫০ তম বছরে রাইটার্স বিল্ডিংয়ের আদলে মণ্ডপ নির্মাণ করে ইতিমধ্যেই দর্শনার্থীদের নজর কেড়েছেন উদ্যোক্তারা।
কলকাতার বিবাদী বাগে লালদিঘির উত্তর দিকে অবস্থিত লাল ইটের ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং। ১৭৭৭থেকে ১৭৮০ সালের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাইটার্স বিল্ডিং নির্মাণ করে। ব্রিটিশ সরকারের কর্মচারীদের থাকা ও দপ্তরের কাজকর্মের জন্য এই ভবনটি নির্মিত হয়েছিল। উনিশ শতকে গ্রিক ও রোমান স্থাপত্যশৈলিতে ভবনের রূপান্তর হয়। ভবনের বাইরের দিকে কিছু আইকনিক স্থাপত্য রয়েছে।
এই রাইটার্স বিল্ডিংয়ের সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে। ১৯৩০ সালের ৮ ডিসেম্বরভারতের স্বাধীনতা সংগ্রামী বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত ব্রিটিশদের নজর এড়িয়ে রাইটার্সের ভিতরে ঢুকে তৎকালীন ব্রিটিশ কারারক্ষী নিপীড়ক এনএস সিম্পসনকে গুলি করে হত্যা করেছিলেন। সেই থেকে কলকাতার জায়গাটির নামকরণ হয় বিবাদী বাগ।
এই ঐতিহাসিক ভবনের আদলে প্যান্ডেলই ৫০ তম বছরে কাঁচরাপাড়া ১৬র পল্লি পুজো কমিটির মূল আকর্ষণ। মণ্ডপের কাছে রয়েছে বড় একটি পুকুর। সেখানে আলোকসজ্জায় ভরিয়ে দেওয়া হয়েছে। মণ্ডপের ভিতরে রয়েছে বাংলার স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের ফাইবারের মডেল। বাইরের অংশে বিনয়, বাদল এবং দীনেশের স্মারকও তুলে ধরা হয়েছে। পুজো কমিটির অন্যতম সম্পাদক শান্তনু মুখোপাধ্যায় বলেন, 'গোটা মণ্ডপটি আলো দিয়ে সাজানো হয়েছে। মহালয়ার দিনে সামাজিক দায়বদ্ধতা নিয়ে দুঃস্থ মানুষের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিয়েছি।'