বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়ার গোপীনাথ জিউর মন্দির পরিদর্শনকালে মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মতবিনিময়কালে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সমাজের সব মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতে এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সংরক্ষিত মহিলা আসন-৩০৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার আমিনুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
এ ছাড়া মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
