Published on
:
2 min read
এ বছর দুটো সপ্তমী। মানে ডবল আনন্দ আর ভূরিভোজ। দ্বিতীয় সপ্তমীর মেনু ঠিক করেছেন? সেই একঘেয়ে চিকেন কষা বানানোর ভুল করবেন না। বাড়িতে যখন অতিথি আসবে, তখন নার্গিসি কোফতা কারি বানিয়ে নিন। চিকেন-ডিম দু’টো লাগে এই পদে। আর যদি কারি বানাতে না পারেন, কোফতা বানিয়েও সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। তবে তার আগে শিখে নিন নার্গিসি কোফতার রেসিপি।
নার্গিসি কোফতার রেসিপি
উপকরণ
কোফতা তৈরির জন্য প্রয়োজন ২০০ গ্রাম চিকেন কিমা, ৩টে সিদ্ধ ডিম, ১ টেবিল চামচ বেরেস্তা, ১ টেবিল চামচ আদাকুচি, ১ টেবিল চামচ রসুনকুচি, ১ টেবিল চামচ কাঁচালঙ্কা কুচি, ১ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১ টেবিল চামচ ধনে গুঁড়ো, ১ টেবিল চামচ জিরে গুঁড়ো, ১ টেবিল চামচ আমচুর পাউডার, ১ চিমটে গোলমরিচ গুঁড়ো, ১ টেবিল চামচ ধনে পাতা কুচি, ১ টেবিল চামচ রোস্টেড বেসন, স্বাদ মতো নুন।
গ্রেভি তৈরির জন্য প্রয়োজন পরিমাণমতো তেল, ১ টেবিল চামচ গোটা জিরে, ১টা তেজপাতা, ২-৩টে সবুজ এলাচ এবং ১টা বড় এলাচ, ১ ইঞ্চি দারুচিনির টুকরো, ৩-৪টে গোটা গোলমরিচ, ২-৩টে লবঙ্গ, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১ টেবিল চামচ বেরেস্তা, ২টো টমেটো কুচি, ১/২কাপ টক দই, ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, ২ টেবিল চামচ কাজু বাদাম বাটা, ১ টেবিল চামচ ধনে-জিরে গুঁড়ো, ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, ২-৩টে কাঁচা লঙ্কা চেরা, ১ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, ১ টেবিল চামচ ধনেপাতা কুচি এবং স্বাদমতো নুন।
প্রণালী
কোফতা তৈরির জন্য চিকেন কিমার সঙ্গে সমস্ত মশলা, বেরেস্তা এবং রোস্টেড বেসন মিশিয়ে নিন। স্বাদমতো নুন মিশিয়ে নিন। পাশাপাশি ডিম সিদ্ধ করে নিন এবং দু’টুকরো করে কেটে নিন। তারপরে চিকেনের মিশ্রণটা দিয়ে ডিমগুলো মুড়ে নিন। সাদা তেলে কোফতাগুলো লাল করে ভেজে নিন।
প্যানে তেল গরম করুন। গোটা গরম মশলা ফোড়ন দিন। তারপরে আদা-রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিন। তারপরে টমেটো এবং গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষতে থাকুন। কড়াইতে তেল ছাড়া পর্যন্ত কষতে থাকুন।
মশলা কষা হয়ে গেলে এতে দই এবং কাজু বাটা মিশিয়ে নিন। কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে নিন। মশলা তৈরি হয়ে গেলে ভেজে রাখা কোফতাগুলো মিশিয়ে নিন। ৫-৬ মিনিট রান্না করুন। নামানোর আগে গরম মশলা গুঁড়ো, কসৌরি মেথি এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। তৈরি নার্গিসি কোফতা।
FAQ
১. নার্গিসি কোফতা তৈরি করতে কী কী লাগে?
চিকেন কিমা, সিদ্ধ ডিম, বিভিন্ন মশলা, বেরেস্তা, বেসন এবং গ্রেভি তৈরির জন্য টমেটো, দই ও কাজুবাটা লাগে।
২. নার্গিসি কোফতার জন্য কতগুলি ডিম প্রয়োজন?
এই রেসিপিতে ২০০ গ্রাম চিকেন কিমার সঙ্গে ৩টি সিদ্ধ ডিম ব্যবহার করা হয়েছে।
৩. কোফতার মিশ্রণ বাঁধতে কী ব্যবহার করা হয়?
চিকেন কিমার সঙ্গে রোস্টেড বেসন মেশালে মিশ্রণটি বাঁধতে সাহায্য করে।
৪. নার্গিসি কোফতার গ্রেভি কী দিয়ে তৈরি হয়?
টমেটো, টক দই, কাজুবাটা, আদা-রসুন বাটা ও বিভিন্ন গুঁড়ো মশলা দিয়ে গ্রেভি তৈরি হয়।
৫. নার্গিসি কোফতা কী ভাবে পরিবেশন করবেন?
গরম গ্রেভির সঙ্গে কোফতা পরিবেশন করতে পারেন। চাইলে কারি না বানিয়ে কোফতা তৈরি করে সসের সঙ্গেও পরিবেশন করা যায়।
