‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, অগ্নিনির্বাপণ মহড়া ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা।
উপজেলা পরিষদের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ একটি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগপ্রবণ দেশ। কেবল সরকারি উদ্যোগেই দুর্যোগের ক্ষয়ক্ষতি পুরোপুরি রোধ করা সম্ভব নয়; এর জন্য প্রতিটি পরিবারকে আগাম প্রস্তুতি নিতে হবে। ঘর থেকেই সচেতনতার অভ্যাস শুরু করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন বলেন, সময়মতো নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং দুর্যোগ-পরবর্তী দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা গেলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. যোবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে এম জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম।
এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন।
আলোচনা সভা শেষে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. খলিলুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল বাস্তবভিত্তিক উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করে। এতে স্থানীয় বাসিন্দা ও উপস্থিত দর্শকদের দুর্যোগকালীন ও অগ্নিকাণ্ডের সময়ে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।
