ঢালিউডের চিত্রনায়িকা পরীমনির জন্মদিন মানেই ভক্তদের বাড়তি আগ্রহ। কখনো জমকালো আয়োজন, কখনো নানা চমকে আলোচনায় আসেন এই নায়িকা। তবে এবার জন্মদিনের শুরুটা হলো একেবারেই ঘরোয়া আবহে, দুই সন্তানকে পাশে নিয়ে। কেক কাটা, হাসিমুখ আর সন্তানদের ভালোবাসায় জীবনের বিশেষ মুহূর্তটি উদযাপন করলেন তিনি।
আজ শনিবার (২৪ অক্টোবর) পরীমনির জন্মদিন। শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে জন্মদিনের প্রথম প্রহরের সেই আনন্দঘন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।
ভিডিওতে দেখা যায়, লাল রঙের খোলা গাউন পরে হাসিমুখে জন্মদিনের কেক কাটছেন পরীমনি। এ সময় তার পাশে ছিল ছেলে পূণ্য ও মেয়ে প্রিয়ম। কেকের ওপর জ্বলছিল মোমবাতি। কেক কাটার মুহূর্তে দুই সন্তানই মাকে ভালোবাসায় ও চুম্বনে ভরিয়ে দেয়। সন্তানদের এমন ভালোবাসায় জন্মদিনের আয়োজনটি হয়ে ওঠে আরও আবেগময়।
ব্যক্তিজীবনে নানা চড়াই উতরাই ও সংগ্রামের পথ পেরিয়ে এসেছেন পরীমনি। জীবনের সেই অভিজ্ঞতার মধ্যে বর্তমানে দুই সন্তানকে ঘিরেই যেন তার পৃথিবী। জন্মদিনের প্রথম প্রহরে সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোতেও ফুটে উঠেছে সেই পারিবারিক বন্ধনের ছবি।
ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
এর আগে ঢাকাই শোবিজের এই তারকা বিভিন্ন সময়ে দেশ ও দেশের বাইরে জমকালো আয়োজনে জন্মদিন পালন করে আলোচনায় এসেছেন। তবে এবার আয়োজনের জাঁকজমকের চেয়ে প্রাধান্য পেয়েছে সন্তানদের সঙ্গ। দুই সন্তানের ভালোবাসায় ঘেরা এই ঘরোয়া উদযাপনেই শুরু হলো পরীমনির এবারের জন্মদিন।
/অ
