ছবির ক্যাপশন: .
বিশেষ সংবাদদাতা :
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সি-ব্লকের ২ নম্বর রোডের একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক ১৮-২০ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে স্থানীয় পথচারীরা মরদেহটি পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা তরুণীকে হত্যার পর ভবনের উপর থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. তরিকুল ইসলাম বলেন, থানা পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম যৌথভাবে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
