কালবেলা · খেলাধুলা
বিশ্বকাপে বেফাঁস মন্তব্যের জন্য অবশেষে ক্ষমা চাইলেন আলভারেজ
২৫/১০/২০২৬

২০২৬ বিশ্বকাপের মাঝপথে বিতর্কিত বক্তব্যের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। সমর্থকদের ক্ষোভের কারণ বুঝতে পেরে নিজের মন্তব্যের ধরন ও সময় নিয়ে ভুল স্বীকার করেছেন তিনি।
দেপোর্তিভোর বিপক্ষে অ্যাটলেটিকোর ১-০ গোলের জয়ের নায়ক আলভারেজ। তার করা জয়সূচক গোলেই পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে দলটি। ম্যাচ শেষে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টিও সামনে আনেন আক্রমণভাগের এই ফুটবলার।
আলভারেজ বলেন, ‘বিশ্বকাপ চলাকালে দেওয়া আমার বক্তব্যের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইতে চাই। কথাগুলো যেভাবে বলেছি, সেটি ভুল ছিল। বলার সময়টাও ঠিক ছিল না। সবচেয়ে বড় কথা, মানুষের ক্ষোভ আমি বুঝতে পারছি। আমি নিজেও যদি একজন সমর্থক হতাম, তাহলে রাগ করতাম। বিশেষ করে, এত বছর ধরে তারা যেভাবে আমাকে সমর্থন করেছেন এবং আমার পাশে থেকেছেন, তা বিবেচনায় নিলে তাদের ক্ষুব্ধ হওয়াটা স্বাভাবিক।’
দলবদলের মৌসুমে আলভারেসের ওই বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। এতে অ্যাটলেটিকো ও তার সম্পর্ক নিয়েও আলোচনা শুরু হয়। তবে সাম্প্রতিক সময়ে সমর্থকদের কাছ থেকে পাওয়া সমর্থন ও উদারতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে আলভারেজ বলেন, ‘সাম্প্রতিক সময়ে সমর্থকেরাও আমার প্রতি অনেক উদারতা দেখিয়েছেন। এ জন্য আমি তাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। আমার এখন কাজে মনোযোগ দিতে হবে এবং নিজেকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যেতে হবে। এই সময়টায় পুরো দল যেভাবে আমাকে সমর্থন করেছে, সে জন্যও আমি কৃতজ্ঞ।’
নিজের ভালো লাগার প্রভাব মাঠের পারফরম্যান্সেও পড়ছে বলে মনে করেন আলভারেজ, ‘জীবনে যখন ভালো থাকবেন, তখন মাঠেও তার প্রতিফলন দেখা যায়। সবকিছুরই প্রভাব থাকে। আমি ভালো অনুভব করছি এবং সবকিছুর জন্য লড়াই করতে প্রস্তুত।’
মূল প্রতিবেদনে যান ↗