প্রকাশিত: ০৮:১৫, ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনের নিচ থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর তার রক্তাত্ব মরদেহ উদ্ধার হয়।
রাতে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) চেখ জাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে নিহতের সুরতহাল করা হয়। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের একটি ফাকের অংশ দিয়ে তিনি নিচে পড়ে যান। সেখানেই মৃত্যু হয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে রমনা অফিসার্স ক্লাবের ভেতরে একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে ক্লাবে আসেন। এরপর তিনি মেয়েকে ক্লাবের সুইমিং পুলে রেখে নিজে একটু হেঁটে আসার কথা বলে বের হন। কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরও তিনি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। পরবর্তীতে ক্লাবের ভেতর নির্মাণাধীন ভবনের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায় এবং পুলিশকে খবর দেওয়া হয়। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
