আজকাল ওয়েবডেস্ক: অপেক্ষা যেন শেষই হচ্ছে না বৈভব সূর্যবংশীর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হওয়ার পর চারটি ম্যাচ হয়ে গেলেও, একটিতেও খেলার সুযোগ পাননি ১৫ বছরের তরুণ ওপেনার। প্রত্যেক ম্যাচেই তাঁকে বসতে হয়েছে ডাগ আউটে। গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট এখনও সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার ওপেনিং জুটির ওপরই আস্থা রাখছে। তবে সিরিজ ২-২ অবস্থায় থাকায় পঞ্চম, তথা শেষ টি-২০ তে বৈভবকে সুযোগ দেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। চাপ বাড়ছে কোচ গম্ভীর এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারের ওপরও। এই পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় রহস্যময় পোস্ট করে নিজের মনের কথা জানালেন বৈভব।
সূর্যবংশী লিখেছেন, 'এখনও বিশ্বাস রাখছি।' অর্থাৎ, সুযোগ পাওয়ার আশা এখনও ছাড়েননি তরুণ ক্রিকেটার। শেষ ম্যাচে দলে ঢুকে সিরিজ জেতানোর স্বপ্নও হয়তো দেখছেন তিনি। তবে বৈভবকে নিয়ে গম্ভীরের অবস্থান বেশ স্পষ্ট। তাঁর মতে, অভিষেক বা সঞ্জুর মধ্যে কাউকে বাদ দিয়ে বৈভবকে খেলানো এই মুহূর্তে ন্যায়সঙ্গত হবে না। গম্ভীর বলেন, 'সঞ্জু স্যামসন বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন। তাই তাঁর প্রতিভা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই।' ইংল্যান্ড সিরিজে সঞ্জুকে বাদ দেওয়াটা তাঁর কোচিং জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত ছিল বলেও জানান তিনি। গম্ভীরের যুক্তি, কয়েকটি ম্যাচে ব্যর্থ হলেই বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটাররা খারাপ খেলোয়াড় হয়ে যান না।
বৈভবের প্রসঙ্গে গম্ভীর বলেন, সুযোগের জন্য তাঁকে অপেক্ষা করতে হবে। তরুণ ওপেনারের প্রতিভা সম্পর্কে টিম ম্যানেজমেন্ট যথেষ্ট ওয়াকিবহাল। তবে দীর্ঘদিন ধরে যারা ধারাবাহিকভাবে ভাল খেলেছে, তাঁরা স্বাভাবিকভাবেই দলে ঢোকা নতুন ক্রিকেটারের তুলনায় এগিয়ে থাকবে। তবে একটি বিষয় নজর কেড়েছে। গম্ভীরের অধীনে বৈভব এখনও নিয়মিত সুযোগ না পেলেও, ভিভিএস লক্ষ্মণ যখন বিভিন্ন সময়ে দলের দায়িত্ব সামলেছেন, তখন কিশোর ব্যাটার তুলনামূলক বেশি সুযোগ পেয়েছেন। ফলে শেষ টি-২০ তে লক্ষ্মণের ভাবনার ছাপ পড়বে কি না, সেটিও এখন দেখার।
