মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেন (৩৮) নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টারে এ ঘটনা ঘটে। নিহত শাকের ওই কাউন্টারের মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
নিহত শাকের হোসেনের বাবার নাম মো. কুতুবউদ্দিন। তাঁদের বাড়ি মাগুরার পারনান্দুয়ালী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি রয়েল এক্সপ্রেসের কাউন্টারের সামনে আসেন। তাঁদের একজন মোটরসাইকেলে অপেক্ষা করছিলেন, অন্যজন কাউন্টারের ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে থাকা ব্যক্তি মোটরসাইকেলের ইঞ্জিনের শব্দ বাড়িয়ে দেন। এর মধ্যে ভেতরে থাকা ব্যক্তি শাকেরকে গুলি করে পালিয়ে যান। গুলিবিদ্ধ হয়ে নিজের চেয়ারে বসা অবস্থায়ই লুটিয়ে পড়েন তিনি।
প্রথমে শাকের অসুস্থ হয়ে পড়েছেন বলে ধারণা করেন সেখানে উপস্থিত লোকজন। পরে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মাথার পেছনে গুলির ক্ষত শনাক্ত করা হয়।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাইনুল হাসান বলেন, সকালে শাকেরকে হাসপাতালে আনার পর প্রথমে স্ট্রোক হয়েছে বলে ধারণা করা হয়েছিল। পরে পুনরায় পরীক্ষা করে তাঁর মাথার পেছনে সরু ছিদ্র দেখা যায়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের বিশেষজ্ঞ দল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এ হত্যাকাণ্ডের পেছনের রহস্য তদন্তের পর জানানো যাবে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এমএস/
