যশোরের চৌগাছায় সাত বছরের সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী শিশুটির মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার আটক করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, চার বছর আগে পারিবারিকভাবে শিশুটির বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর শহিদুল ইসলামকে দ্বিতীয় বিয়ে করেন শিশুটির মা। তখন থেকে শিশুটি মায়ের সঙ্গে তার সৎ বাবার বাড়িতে বসবাস করতো। গত ১৮ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে শিশুটির মা প্রয়োজনীয় কাজের জন্য বাড়ির বাইরে গেলে সেই সুযোগে শহিদুল ইসলাম ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা দ্রুত ঘরে ফিরে আসেন এবং শহিদুলের কাছে ঘটনার কারণ জানতে চান।
এই ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের একপর্যায়ে শিশুটির মা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে শহিদুল ইসলাম স্থানীয় লোকজনকে নিয়ে সালিস-বৈঠকের মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। তবে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা না হওয়ায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শিশুটির মা বাদী হয়ে চৌগাছা থানায় অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ জানান, এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
রেজওয়ান বাপ্পী/এমটিআই
