প্রকাশিত: ২২:২০, ১৮ অক্টোবর ২০২৬
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দুই সন্তানকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন স্বর্ণা আখতার (২৩) নামে এক গৃহবধূ।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো, সাফায়েত হোসেন (৪) ও রাইসা আখতার (১)। তাদের বাবার নাম শাকিল হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল হোসেন (২৭) মাদকাসক্ত হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই জের ধরে এ ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর পরিবারের অন্য সদস্যরা বাজারে গেলে বাড়িতে থাকা স্বর্ণা আখতার তার দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনার প্রকৃত কারণ জেনে বিস্তারিত জানাবেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
