ভক্তরা তাঁকে ‘ঢালিউড কুইন’ বলে অভিহিত করেন। একসময় ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেত্রীও ছিলেন তিনি। শাকিব খানের সঙ্গে তাঁর জুটি ছিল সাফল্যের শীর্ষে। তিনি অপু বিশ্বাস।
শাকিব খানের সঙ্গে তাঁর সংসার ভেঙেছে বহু আগে। এরপর একাধিক গুঞ্জনে জড়িয়েছে অভিনেত্রীর নাম। তবে কোনো গুঞ্জনই বেশিদিন স্থায়ী হয়নি। কিন্তু এখনো কি একাই রয়েছেন অভিনেত্রী? প্রশ্নটি থেকেই গেছে।
এদিকে সম্প্রতি এক ব্যক্তিকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। এর সূত্রপাতও অবশ্য অপুর দেওয়া একটি পোস্ট থেকে। বুধবার (১৪ অক্টোবর) এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি ছবি পোস্ট করেন অপু। সেই সঙ্গে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
পোস্টটি বিশেষ হয়ে উঠেছে, কারণ অপু সচরাচর কাউকে নিয়ে এ ধরনের পোস্ট দেন না। তাই নেটিজেনদের কৌতূহল, কে এই ব্যক্তি, যাঁকে অপু এতটা গুরুত্ব দিচ্ছেন? তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে ছবিও তুলেছেন অভিনেত্রী।
ছবিগুলোতে দেখা যায়, তাঁরা কোথাও ঘুরতে গিয়েছিলেন। একটি ছবিতে ওই ব্যক্তিকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন অপু। ওই ব্যক্তিও তাঁর কাঁধে হাত রেখেছেন। আরেকটি ছবিতে ওই ব্যক্তির হাত ধরে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। অন্য ছবিটি সেলফি।
পোস্টে ওই ব্যক্তিকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেছেন অপু। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর। আপনার কাছ থেকেই বিজনেসকে নতুন করে চিনতে শিখেছি, শিখেছি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস এবং পেয়েছি নিজের কিছু করার অনুপ্রেরণা। জীবনের এই পথচলায় আপনার শেখানো বিষয়গুলো আমার কাছে সত্যিই অনেক মূল্যবান। আপনার জন্য রইল হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। জীবনের প্রতিটি ধাপে সাফল্য আপনার সঙ্গী হোক, স্বপ্নগুলো পূর্ণতা পাক, আর আপনি এভাবেই হাসিমুখে এগিয়ে যান।’
সবশেষে ‘প্রিয় বন্ধু’র সঙ্গে পথচলা দীর্ঘ হওয়ার প্রত্যাশা জানিয়ে অপু লেখেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সবসময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক।’
পোস্ট করার পর মন্তব্যের ঘর বন্ধ করে দেন অপু। ফলে সেখানে কেউ মন্তব্য করতে পারছেন না। ওই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করেননি তিনি। ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তির নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী ব্যবসায়ী।
অভিনয় থেকে কিছুটা দূরে সরে কয়েক বছর ধরে ব্যবসায় মনোযোগী হয়েছেন অপু বিশ্বাস। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক পথচলায় ওই ব্যক্তির সহযোগিতা ও সমর্থন পাচ্ছেন তিনি। তবে তাঁদের সম্পর্ক শুধুই ব্যবসায়িক বন্ধুত্ব, নাকি এর বাইরে অন্য কিছু—তা নিয়ে নেটিজেনদের কৌতূহল রয়ে গেছে।
