ভারতের বিপক্ষে আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এর মধ্যে ওয়ানডে সিরিজে বিশেষ সীমিত সংস্করণের জার্সি পরবে তারা। দুই দেশের ক্রীড়া সম্পর্কের শতবর্ষ উপলক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে পরতে যাওয়া সেই বিশেষ জার্সি প্রকাশ্যে এনেছে নিউজিল্যান্ড ক্রিকেট। বিশেষ জার্সিতে দুই দেশের সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। ভারতীয় এবং মাওরি চিত্রকলা রয়েছে জার্সিটিতে। ভারতের পদ্ম ফুল, মন্ডলা শিল্প এবং নিউজিল্যান্ডের ঐতিহ্যবাহী মাওরি নকশা রয়েছে কালো জার্সিটিতে। নাম দেওয়া হয়েছে ‘কোটাহিতাঙ্গা’। দুই দেশের দীর্ঘ ক্রীড়া সম্পর্কের কথা মাথায় রেখেই এক দিনের সিরিজড়ের জার্সি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। বেন থমাসন, শিব নারাণদাস এবং জয় পঞ্চা মিলে জার্সিটির নকশা করেছেন। নারাণদাস এবং পঞ্চা জার্সিটির জন্য তিনটি ভারতীয় মোটিভ নির্বাচন করেছেন। সেগুলি হল পদ্ম ফুল, ভারতের পুরনো স্থাপত্যের নকশা এবং মন্ডলা শিল্প। অন্য দিকে, থমাসন বেছে নিয়েছেন মানানসই মাওরি নকশা। যা কোয়াইহায়ি নামে পরিচিত। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, দুই দেশের ক্রীড়া সম্পর্কে বছরের পর বছর যারা অবদান রেখেছেন, তাদের সম্মানে এই জার্সি তৈরি করা হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেটের চিফ মার্কেটিং অ্যান্ড কমার্সিয়াল অফিসার গ্লেন ক্রিশ্চেলি বলেছেন, ‘জার্সির নকশা আমাদের মুগ্ধ করেছে। শিল্পীরা একটি স্বতন্ত্র মাওরি নকশা এবং একটি স্বতন্ত্র ভারতীয় নকশার মধ্যে সুন্দর ভারসাম্য তৈরি করেছেন। যা আমাদের দুই দেশের বন্ধনকে তুলে ধরে। খেলাধুলা নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে ঐক্যের ভিত্তি। আমাদের আশা, এই বিশেষ জার্সিটি আগামী বহু বছর ধরে নিউজিল্যান্ড ও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে একটি অমূল্য সংগ্রহযোগ্য বস্তু হয়ে থাকবে।’ ভারতের নিউজিল্যান্ড সফর শুরু হবে ২২ অক্টোবর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। তারপর ৪ নভেম্বর শুরু হবে পাঁচ ওয়ানডে সিরিজ। দুই টেস্টের সিরিজ হবে ১৯ নভেম্বর থেকে।
The post ভারতের বিপক্ষে বিশেষ জার্সি পরে খেলবে কিউইরা first appeared on দৈনিক আজকের জামালপুর.
