দেশের সব মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত মাপ ও শর্ত অনুযায়ী নম্বরপ্লেট সংযোজন করে তা প্রদর্শন করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনেও নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ক্ষেত্রেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান রাখা যাবে না।
বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা অনুসরণ করে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
