কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন নতুন একটি টর্পেডো অস্ত্রের পানির নিচে পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চালানো এ পরীক্ষাকে সফল এবং দেশটির নৌ-সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে পিয়ংইয়ং।
পরে শনিবার (১৭ অক্টোবর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানায়। এ বরাতে খবর প্রকাশ করে রয়টার্স।
কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন উচ্চগতির নির্ভুলভাবে লক্ষ্যভেদী টর্পেডোটিতে লক্ষ্যবস্তু শনাক্ত ও সেগুলোর দিকে অস্ত্র পরিচালনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। অস্ত্রটির প্রযুক্তিগত উন্নয়ন যাচাই করতেই এ পরীক্ষা চালানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরে ১৮০টিরও বেশি পরীক্ষার মাধ্যমে টর্পেডোটির প্রপালশন বা চালনব্যবস্থার প্রযুক্তি উন্নত করা হয়েছে। সর্বশেষ পরীক্ষায় এর চালনক্ষমতার দক্ষতা এবং রকেটচালিত প্রপালশন ব্যবস্থার কার্যকারিতার উন্নতি যাচাই করা হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার ধারাবাহিক অস্ত্র পরীক্ষার সর্বশেষ ঘটনা এটি। কোরীয় উপদ্বীপে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দুই কোরিয়াই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে আঘাত হানতে সক্ষম অস্ত্রের উন্নয়নে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে।
কেসিএনএ জানিয়েছে, দেশের অস্ত্রব্যবস্থার সক্ষমতা বাড়ানোর নিয়মিত প্রতিরক্ষা গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে টর্পেডোটির পরীক্ষা চালানো হয়েছে।
এর আগে বুধবার দুটি ধরনের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানিয়েছিল উত্তর কোরিয়া। দেশটির দাবি, নৌবাহিনীর অভিযান পরিচালনার সক্ষমতা এবং প্রতিরোধমূলক সামরিক ব্যবস্থার নির্ভরযোগ্যতা যাচাই করতে ওই পরীক্ষা করা হয়।
