Oplus_131072
মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ, প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় দেড় কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
২০ অক্টোবর ২০২৬ তারিখে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
অভিযানকালে মৎস্য সম্পদ ধ্বংসকারী ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং প্রায় দেড় কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ইলিশ মাছ দুইজন অসহায় ও দুস্থ ব্যক্তির মধ্যে বিতরণ করা হয়।
মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
