‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে নানা আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং স্থানীয় উন্নয়ন সহযোগী সংস্থাগুলো।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, নিরাপদে সড়কে চলাচল এবং সমাজের মূলধারায় তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৃষ্টিপ্রতিবন্ধিতা কোনো ব্যক্তির সম্ভাবনা ও সক্ষমতা বিকাশের পথে স্থায়ী বাধা নয়। উপযুক্ত সুযোগ, আধুনিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পেলে তাঁরাও নিজেদের দক্ষতা বিকাশের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
বক্তারা আরও বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল নিরাপদ করতে সাদাছড়ির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি তাঁদের প্রতি সহমর্মিতার পাশাপাশি সমান অধিকার, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে উপস্থিত চারজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির হাতে সাদাছড়িসহ বিভিন্ন সহায়ক উপকরণ তুলে দেন অতিথিরা। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহম্মদ রাশেদুল হক প্রধান।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. দিপঙ্কর রায় এবং পুলিশ সুপারের প্রতিনিধি মাহফুজুল ইসলাম। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিবসটির আয়োজনের মধ্য দিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। তাঁদের জন্য সহায়ক পরিবেশ তৈরি এবং সমান সুযোগ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
The post লালমনিরহাটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত appeared first on ভোরের চেতনা.
