শুক্রবার (১৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ায় ত্রিনয়নী পূজা মন্ডপে দুর্গাপূজার শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা একসময় হরতাল-অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়ার হুমকি দিয়েছিল, বর্তমান বিরোধী দল তাদেরই সঙ্গী।
অনুষ্ঠানে অতীতের রাজনৈতিক সংঘাতের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, একসময় দেশে ১৭১ দিন, ৭২ দিন ও ৭৩ দিন পর্যন্ত টানা হরতাল পালন করা হয়েছে। যারা তখন ঘোষণা দিয়েছিল দেশকে শান্তিতে থাকতে দেওয়া হবে না এবং অচল করে দেওয়া হবে, আজকের বিরোধী দল তাদেরই ছায়াসঙ্গী। ঘুরেফিরে তারা একই সূত্রে গাঁথা। দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে অত্যন্ত সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা দীর্ঘ রাজনৈতিক লড়াই শেষ করে এখন জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছি। নতুন করে আর কোনো রাজনৈতিক সংঘাতের মুখোমুখি হতে চাই না। বাংলাদেশ যেন আমাদের সবার শান্তি, সম্প্রীতি ও নাগরিক অধিকার নিশ্চিত করার নিরাপদ আবাসস্থল হয়ে ওঠে—যেখানে সবাই ইজ্জত ও সম্মানের সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে, সেটাই হোক আমাদের সকলের সম্মিলিত অঙ্গীকার।
বিরোধী দলের ভূমিকার কড়া সমালোচনা করে মন্ত্রী আরও যোগ করেন, সরকারে যারা রয়েছে তাদের যেমন সুনির্দিষ্ট নৈতিক দায়িত্ব ও রাজনৈতিক প্রতিশ্রুতি থাকে, তেমনি বিরোধী দলেরও সমান দায়িত্ব রয়েছে। কিন্তু শপথ নেওয়ার পর থেকে বর্তমান বিরোধী দল তাদের দায়িত্ব কতটুকু পালন করেছে, তা আজ গভীর বিবেচনার দাবি রাখে। তিনি প্রশ্ন রেখে বলেন, দায়িত্বশীল ভূমিকা পালনের পরিবর্তে কেন বারবার লংমার্চ ও রোডমার্চের মতো কর্মসূচি দিতে হচ্ছে?
লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও পৌর মহাশ্মশান ঘাট সংসদের সভাপতি সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, ত্রিনয়নী পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মানিক সাহা এবং সভাপতি বিনয় ভূষন মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
