লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মুখোমুখি সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় বাংলাদেশিরা সংগঠিত হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সীমান্ত এলাকা ত্যাগ করে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
সীমান্তবাসী সূত্রে জানা যায়, বিএসএফের কয়েকজন সদস্য শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশের অন্তত ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে জমিতে কর্মরত কৃষকদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। ঘটনাটি প্রত্যক্ষ করে আশপাশের গ্রামবাসীরা লাঠিসোটা নিয়ে একজোটে বিএসএফকে ধাওয়া করেন। পরিস্থিতি প্রতিকূলে দেখে বিএসএফ সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে নিজেদের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়।
উল্লেখ্য, এর আগে গত ২০ অক্টোবর একই উপজেলার তিনবিঘা করিডোর এলাকায় এক বাংলাদেশি ভ্যানচালককে বিএসএফ সদস্য কর্তৃক মারধরের ঘটনা ঘটেছিল। পরদিন ২১ অক্টোবর অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকে ভারতীয় পক্ষ থেকে ঐ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন আচরণ না করার আশ্বাস দেওয়া হয়। ঐ ঘটনার রেশ কাটতে না কাটতেই পুনরায় বিএসএফের সীমান্ত লঙ্ঘনের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহিনুল ইসলাম জানান, শনিবার বিকেলে বুড়িমারী সীমান্তে গ্রামবাসী ও বিএসএফের মধ্যে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে লিখিত পত্র পাঠানো হয়েছে।
জেএইচআর
