প্রায় পাঁচ মাস কমিশনশূন্য থাকার পর নতুন কমিশন যোগদানের পর থেকে দুদকের সাম্প্রতিক কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৪১ কর্মদিবসে ১২১টি মামলা ও ৬১টি মামলার অভিযোগপত্র অনুমোদন, ৬১টি এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা, ৬৮টি নথিতে সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধ করার অনুমোদন করেছে সংস্থাটি। দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্ট ২২ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার আদেশে ব্যবস্থাও নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে দুদকের নিজ কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
দুদক জানিয়েছে, জাতীয় সংসদ ভবনের শব্দযন্ত্র পরিচালনা ও মেরামতের নামে অর্থ আত্মসাৎ, স্বাস্থ্য খাতে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় শতকোটি টাকা আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে চলমান অনুসন্ধানের অগ্রগতির কথা জানিয়েছে দুদক। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামান মোড়লের বিরুদ্ধে মামলার
অনুমোদন দিয়েছে বলে জানানো হয়।
সংসদের শব্দযন্ত্র মেরামতে দুর্নীতি : জাতীয় সংসদ ভবনের প্লেনারি হলে স্থাপিত শব্দযন্ত্র পরিচালনা, মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণের নামে সরকারি অর্থ আত্মসাৎ এবং বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। এ ঘটনায় কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুর রহিম জোয়ারদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দুদক।
দুদকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের সাউন্ড ইনফরমেশন সিস্টেম (এসআইএস) ক্ষতিগ্রস্ত হয়। পরে সেটি সচল করতে উদ্যোগ নেয় গণপূর্ত অধিদপ্তর। কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে শব্দযন্ত্রটি পরীক্ষা করে মেরামতের মাধ্যমে চালু করা সম্ভব বলে জানানো হয়। এ জন্য প্রায় ৯ কোটি ৪ লাখ টাকার ব্যয় প্রাক্কলন করা হয়েছিল। এ ছাড়া প্রকৌশলীদের যাতায়াত, থাকা-খাওয়া ও সম্মানী বাবদ আরও ১১ লাখ ২৫ হাজার টাকা চেয়ে আবেদন করে প্রতিষ্ঠানটি।
এ ঘটনায় গত ১৬ এপ্রিল জাহিদুর রহিম জোয়ারদার জিজ্ঞাসাবাদ করে দুদক। সেদিন তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, বিদ্যুতের তারের সংযোগ ঢিলা হয়ে যাওয়ায় সংসদের শব্দযন্ত্রে বিভ্রাট দেখা দিয়েছিল। সংস্কার কাজের প্রথম ধাপে যুক্ত প্রতিষ্ঠানের কারিগরি অভিজ্ঞতার ঘাটতিকেও তিনি দায়ী করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও একাধিকবার শব্দযন্ত্রে সমস্যা দেখা দেয়। গত ১২ মার্চ অধিবেশনের প্রথম দিন শব্দযন্ত্রের বিভ্রাটে কিছু সময়ের জন্য কার্যক্রম বন্ধ রাখতে হয়। পরে ৫ এপ্রিল আবারও সমস্যা দেখা দিলে সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করা হয়।
চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় শতকোটির দুর্নীতি : স্বাস্থ্য খাতে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় শতকোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগেও জাহিদুর রহিম জোয়ারদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক অনুসন্ধান চলছে বলে জানিয়েছে দুদক। অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি আমদানি করা সরঞ্জামের প্রকৃত মূল্যের চেয়ে বেশি দাম দেখিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।
দুদক জানায়, আমদানি করা পণ্য বা সরঞ্জামের প্রকৃত মূল্যের চেয়ে নথিপত্রে বেশি দাম দেখানোর পদ্ধতিকে ওভার ইনভয়েসিং বলা হয়। এভাবে কাগজে পণ্যের দাম বাড়তি দেখিয়ে অতিরিক্ত অর্থ বিদেশে পাঠানোর সুযোগ তৈরি হতে পারে। দুদকের অনুসন্ধানে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় এ ধরনের কোনো অনিয়ম হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাবেক এমপি রশীদুজ্জামানের বিরুদ্ধে মামলার অনুমোদন : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রশীদুজ্জামান মোড়লের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে কত টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে জানানো হয়নি।
রশীদুজ্জামান মোড়ল ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে খুলনা-৬ আসন (কয়রা ও পাইকগাছা) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৬ অক্টোবর পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র?্যাব। সে সময় র?্যাব জানিয়েছিল, সহিংসতা ও বিস্ফোরক দ্রব্য আইনের তিনটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
