Published : 19 Oct 2026, 09:26 PM
Updated : 19 Oct 2026, 09:26 PM
সব ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা ‘মাইগভ’ নামে একটি প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে।
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের এ উদ্যোগে এখন অনলাইনে সকল সুযোগ-সুবিধা পাওয়া যাবে বলে সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রচলিত ব্যবস্থায় একজন সেবা গ্রহীতাকে তার কাঙ্ক্ষিত নাগরিক সেবা পেতে ক্যান্টনমেন্ট বোর্ড কার্যালয়ে সশরীরে উপস্থিত হওয়া আবশ্যক ছিল। আবেদন দাখিল, প্রয়োজনীয় কাগজপত্র জমা, ফি পরিশোধ এবং সনদ সংগ্রহসহ সব কিছুই হত ম্যানুয়াল পদ্ধতিতে।
“একটি সেবা গ্রহণের জন্য একাধিকবার যাতায়াতের প্রয়োজন হত। ফলে ব্যয় হত অতিরিক্ত অর্থ ও সময়। কখনো কখনো এর সঙ্গে যোগ হত অযাচিত ভোগান্তি।”
আইএসপিআর বলছে, “ক্যান্টনমেন্ট বোর্ডসমূহ একই প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ, যাচাই, তদন্ত, প্রক্রিয়াকরণ ও চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারবে। এতে দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা, কাগজনির্ভরতা হ্রাস এবং সেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করার সুযোগ সৃষ্টি হবে।”
মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধান ও এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম, আইসিটি বিভাগের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
বর্তমানে ১৯টি মৌলিক সেবার বিপরীতে তৈরি ১৮৫টি অনলাইন আবেদন ফর্ম মাইগভ প্ল্যাটফর্মে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন থেকে ঘরে বসে অনলাইনে আবেদন, প্রযোজ্য ক্ষেত্রে সেবা ফি দেওয়া এবং কিউআর কোড সংবলিত সনদ বা সেবা গ্রহণ করা যাবে।
পাশাপাশি অনলাইনে আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সেবা সম্পর্কে মতামতও দেওয়া যাবে বলে আইএসপিআর জানিয়েছে।
