Published on
:
2 min read
এই সময়, শিলিগুড়ি: দুর্গাপুজোর দিনগুলিতে কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বামেদের বুকস্টলে হুজ্জতি, রাস্তায় বই ফেলে দেওয়া এমনকী, বুলডোজ়ার নিয়ে স্টল ভাঙতে যাওয়ার মতো ঘটনায় সরগরম থেকেছে রাজ্য–রাজনীতি। এই তালিকায় এ বার বাদ গেল না বরাবর শান্ত রাজনৈতিক পরিবেশের জন্য পরিচিত শিলিগুড়ি শহরও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যারের একটি বই বিক্রিকে কেন্দ্র করে নবমীর রাতে হিলকার্ড রোডে দার্জিলিং জেলা কার্যালয়ের (অনিল বিশ্বাস ভবন) সামনে সিপিএমের বুক স্টলে ঝামেলার সূত্রপাত। ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে বুক স্টল ভাঙার চেষ্টা হয় বলে অভিযোগ।
ঘটনায় বিজেপি এবং তার সহযোগী সংগঠনগুলির দিকে আঙুল তুলেছে বামেরা। এর প্রতিবাদে কাল, শনিবার বাঘাযতীন পার্ক থেকে মিছিলেরও ডাক দেওয়া হয়েছে। এ দিকে ঘটনায় বুক স্টলের সামনে ঝামেলা করা ব্যক্তিদের সমালোচনা করলেও সিপিএমকে বিঁধতে ছাড়েননি শিলিগুড়ির বিধায়ক এবং রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি বলেন, ‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত। যে কোনও বইয়ের উপরে এই ধরনের অন্যায় আচরণ আমি সমর্থন করি না।’ এরপরেই বামেদের উদ্দেশে তোপ দাগেন মন্ত্রী। বলেন, ‘আমি নিজে দীর্ঘদিন বাম রাজনীতি করেছি। সেই অভিজ্ঞতা থেকে বলছি, সারা বছর বামেদের বইয়ের দোকানে মাছি তাড়ানোর লোক খুঁজে পাওয়া যায় না। এই আবহে এমন ঘটনার মধ্য দিয়ে ওরা বাড়তি কভারেজ পেয়ে যাচ্ছে। যা কখনই কাম্য নয়।’ বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, নবমীর রাতে আচমকা চার-পাঁচ জন ব্যক্তি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে লেখা একটি বই হাতে বুক স্টলের সামনে চিৎকার শুরু করেন। অভিযোগ, এরপরেই ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে অসংখ্য মানুষ বুক স্টল ভাঙার চেষ্টা করেন। খবর পেয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে সিপিএমের নেতাকর্মীরা পৌঁছন। দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। শিলিগুড়ি থানা, পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীদের মধ্যে এক জন বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে একটি বইয়ে আপত্তিকর বিষয় লেখা রয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। ওদেরকে (সিপিএম) এই বুক স্টল থেকে বইটি সরিয়ে দিতে বলা হয়েছে।’ বিষয়টি নিয়ে সিপিএমের রাজ্য কমিটির সদস্য জীবেশ সরকার বলেন, ‘বইটা তো নিষিদ্ধ নয়। ওদের যদি বইয়ের লেখা বা ভাষা নিয়ে আপত্তি থাকে, তাহলে লেখক বা প্রকাশকের বিরুদ্ধে আইনত লড়াই করুক। এ ভাবে বই বিক্রি করতে দেবো না, বুক স্টল ভেঙে দেবো, এসব তো করা যায় না। আশা করছি প্রশাসন এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করবে।’
