দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক বিরোধের জেরে মনোরঞ্জন রায় নামে এক প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ১ নম্বর বেলাইন্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনোরঞ্জন রায় চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বাসিন্দা।
পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে ওই শিক্ষকের মৃত্যু হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।
