মাদারীপুর শহরের শকুনি লেকের পাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এদিকে একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত মুক্তমঞ্চে মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাবেশের আগে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি করতেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনসিপির সভাস্থলে পুলিশ মোতায়েন রাখা আছে। আপাতত কাউকে আটক করা যায়নি।’
এমই
