তিন মন্ত্রীর শারীরিক সুস্থতা, দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ সচিবালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের উদ্যোগে সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাকক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কুমার সরকার, সাবেক সচিব মো. ফরিদুল ইসলাম ও সাবেক সচিব হামিমুল ইসলাম, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম এবং মহাসচিব মুজাহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় কয়েক শতাধিক কর্মকর্তা-কর্মচারী দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলে মন্ত্রীদের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। একই সঙ্গে তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা।
সচিবালয় মসজিদের মোয়াজ্জেম দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের এ উদ্যোগে অংশগ্রহণকারীরা মন্ত্রীদের সুস্থতা কামনার পাশাপাশি তাঁদের দ্রুত আরোগ্য লাভের প্রত্যাশা ব্যক্ত করেন।
