যশোরে চাঁদা দাবির পর ৩ হাজার ৫০০ টাকা দিয়ে ফেসবুকে পোস্ট করায় ইমন হোসেন (২২) নামে এক মোবাইল দোকানিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে । বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার রাজারহাট চামড়ার হাটে এ ঘটনা ঘটে। ইমন রামনগর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ইমন হোসেন জানান, রাজারহাট বাজারে তার একটি মোবাইলের দোকান রয়েছে। দোকান থাকার কারণে ইমনের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন মুড়লী খাঁ পাড়ার আব্দুল আজিজ ও রাজারহাটের জাকির হোসেন। পরে ইমন তাদের ৩ হাজার ৫০০ টাকা দেন। টাকা দেওয়ার পর এ ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে আব্দুল আজিজ ও জাকির হোসেন ইমনের বুকে ও নিতম্বে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা আহত ইমনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ইমনের বুকের আঘাত গুরুতর। পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ছুরিকাঘাতে জখমের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
