টানা তিন মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে ফিরলেও চলতি মৌসুমটা মোটেও ভালো কাটছে না ম্যান ইউনাইটেডের। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে খেলা ৯ ম্যাচের ৪টিতেই হেরেছে দলটি। যার সর্বশেষ পরাজয়টি এসেছে গতকাল মঙ্গলবার রাতে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে মাইকেল ক্যারিকের শিষ্যরা।
ম্যান ইউনাইটেডের এমন বাজে পরিস্থিতির জন্য দলটির আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস দায় দিয়েছেন মালিকপক্ষকে। দলবদলের বাজারে পর্যাপ্ত অর্থ খরচ না করা এবং দলকে শক্তিশালী না করায় শীর্ষ কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেন তিনি।
গতকাল ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে মার্তিনেস বলেন, ‘গত মৌসুমে আমরা দারুণ খেলেছি। এখন আমরা ক্লাবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে আরও বেশি কিছু আশা করি। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের আরও খেলোয়াড় দরকার। কারণ, অন্য দলগুলোও অনেক খেলোয়াড় দলে আনছে।’
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যান ইউনাইটেড কোথায় পিছিয়ে ছিল, এমন প্রশ্নের জবাবেও ঘুরে ফিরে মালিকপক্ষের বিনিয়োগে অনীহাকেই কাঠগড়ায় তোলেন আর্জেন্টাইন ডিফেন্ডার, ‘আতলেতিকোর দারুণ একটা দল আছে। আজ (মঙ্গলবার) জয়টা তাদেরই প্রাপ্য ছিল। কিন্তু আমি আরও বিনিয়োগ আশা করি— শতভাগ। আমাদের টেকনিক্যাল ডিরেক্টর উইলকক্সের কাছ থেকেও আমি আরও বেশি কিছু প্রত্যাশা করি।’
এরপর আঙুল তুলে জোর দিয়ে মার্তিনেস বলেন, ‘এখন কোচকে দোষ দেওয়া সহজ, খেলোয়াড়দের দোষ দেওয়াও সহজ। কিন্তু আমাদের অন্য দিকগুলোও দেখতে হবে। আপনি বারবার কোচ পরিবর্তন করতে পারেন না। একবার, দুবার, তিনবার— এভাবে চলতে পারে না। অন্য দিকগুলোর কী হবে? এর বেশি আমি বলতে পারব না।’
