আজকাল ওয়েবডেস্ক: প্রেমিককে খুনের অভিযোগে অভিযুক্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা দুবে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে তিনি দাবি করেছেন, প্রেমিক আত্মহত্যা করেছিলেন।
রেস্তোরাঁ মালিক ২৮ বছর বয়সি শিবা শর্মা গত শুক্রবার লখনউয়ে শ্রদ্ধার ফ্ল্যাটের চতুর্থ তলা থেকে পড়ে মারা যান। তাঁর মৃত্যুর আসল কারণ কী, তা নিয়ে তদন্ত করছে পুলিশ। ঘটনার পর থেকেই শ্রদ্ধা ও তাঁর বোন পলাতক ছিলেন। ভিডিওতে শ্রদ্ধা অনুরোধ করেছেন, তাঁর নাম যেন কারও সঙ্গে না জড়ানো হয়। তিনি পুলিশকে সবরকম সাহায্য করতে এবং বয়ান দিতেও রাজি।
ভিডিওতে শ্রদ্ধাকে বলতে শোনা যায়, "আমি কী ভুল করেছি? আমি তো কিচ্ছু করিনি। শিবা শর্মার ঘটনা নিয়ে আমি স্পষ্ট করে বলতে চাই, এটা খুন নয়, আত্মহত্যা।"
তিনি আরও বলেন, "আমার বর্তমান অবস্থার কথা একটু বুঝুন, আমি ভালো নেই। এই মুহূর্তে আমি শারীরিক ভাবেও সুস্থ নই। দয়া করে আমার নাম কোনও বড় কর্মকর্তা বা রাজনীতিকের সঙ্গে জড়াবেন না। তাঁদের সঙ্গে আমার কোনও যোগাযোগই নেই।" পুলিশকে "সব সত্যিটা" জানাতে চান বলে দাবি করেন শ্রদ্ধা। তিনি জানান, তিনি কোথাও পালিয়ে যাননি।
এই ঘটনায় শ্রদ্ধা, তাঁর বোন রশ্মি, এক চালক দানিশ, আদিল নামের এক পরিচিত সহ কয়েক জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মৃত যুবকের মা রঞ্জনা শর্মা এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, শ্রদ্ধা তাঁর ছেলেকে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল ও মারধর করতেন।
https://www.youtube.com/watch?v=niKbkoeEkKI
শ্রদ্ধা ও তাঁর বোনের খোঁজ দিতে পারলে ২৫ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করেছে লখনউ পুলিশ। পুলিশের কাছে দেওয়া অভিযোগে রঞ্জনা শর্মা জানান, গত শনিবার রাত ৯টা নাগাদ শ্রদ্ধা তাঁকে ফোন করে বলেন যে, শিবা তাঁর বারান্দা থেকে পড়ে গেছেন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তিনি আবার ফোন করলে শ্রদ্ধা জানান, তাঁদের চালক শিবাটিকে হাসপাতালে নিয়ে গেছেন। পরে তিনি চালকের নম্বরও দিয়ে দেন। রঞ্জনার অভিযোগ, গত চার মাস ধরে শ্রদ্ধার হাতে তাঁর ছেলে ব্ল্যাকমেল ও মারধরের শিকার হচ্ছিলেন।
