বাংলাদেশের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ এবার বিশ্বমঞ্চে যুক্ত হতে যাচ্ছে। প্রথমবারের মতো বৈশ্বিক স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে অংশীদারত্বে যাচ্ছে বাংলা কনটেন্টের শীর্ষ স্ট্রিমিং প্লাটফর্ম ও কনটেন্ট স্টুডিও ‘হইচই’। এ চুক্তির আওতায় আগামী দুই বছরে হইচইয়ে প্রিমিয়ার হওয়া সব সিরিজ নেটফ্লিক্সে প্রদর্শিত হবে। আর হিন্দি, তামিল ও তেলুগু—এ তিন ভাষায় কনটেন্টগুলো উপভোগ করার সুযোগ পাবে নেটফ্লিক্সের দর্শক।
নেটফ্লিক্সে যুক্ত হতে যাওয়া সিরিজের তালিকায় রয়েছে আশফাক নিপুণ পরিচালিত ‘মহানগর’ ও অমিতাভ রেজা চৌধুরী নির্মিত ‘বোহেমিয়ান ঘোড়া (শাদী কা সিয়াপ্পা)’। ফলে আন্তর্জাতিক দর্শকের সামনে এক নতুন উচ্চতায় পৌঁছবে বাংলাদেশী ওয়েব কনটেন্টের পরিধি ও গ্রহণযোগ্যতা।
বাংলাদেশী প্রডাকশনের পাশাপাশি এ বিশাল তালিকায় আরো যুক্ত হয়েছে—‘ম্যাডাম ইন্সপেক্টর’, ‘সম্পূর্ণা’, ‘লজ্জা’, ‘একেন’, ‘অঞ্জন সায়ে’, ‘দ্য কার্স অব পর্নশবরী’, ‘ব্লাডলাইনস’, ‘দি অ্যাডভেঞ্চার্স অব দাদি অ্যান্ড জাগা’, ‘রাত অভি বাকি হ্যায়’, ‘অচিন্ত্য: ট্রায়াল বাই ল’, ‘কুইনস’ ও ‘পরিণীতা: আ লাভ স্টোরি’।
শুধু পুরনো বা জনপ্রিয় সিরিজই নয়, হইচইয়ের একদম নতুন রিলিজগুলোও বাংলা ভাষায় মুক্তির পাশাপাশি একই সঙ্গে নেটফ্লিক্সে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় প্রিমিয়ার হবে। এ ধারার প্রথম কাজ লোকগাথানির্ভর হরর সিরিজ ‘দ্য কার্সড টেম্পল অব কৌরিবুড়ি’। জিতু কামাল, সোলাঙ্কি রায় ও পাওলি দাম অভিনীত সিরিজটি আগামী ৬ নভেম্বর মুক্তির কথা রয়েছে। আগামীতে এ ধরনের আরো কনটেন্ট যুক্ত করার পরিকল্পনা রয়েছে হইচইয়ের।
এ অংশীদারত্বের আওতায় হইচই স্টুডিওসের অধীনে নতুন মৌলিক সিরিজও যৌথভাবে প্রযোজনা করবে দুই প্রতিষ্ঠান। হইচইয়ের নির্বাচিত জনপ্রিয় গল্পগুলোকে সম্পূর্ণ নতুন আঙ্গিক ও ভিন্ন দৃষ্টিকোণ থেকে পুনর্নির্মাণ করা হবে। যৌথ এ প্রযোজনাগুলোর বিস্তারিত তথ্য এবং পরিকল্পনা পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে নেটফ্লিক্স ও হইচই।
