স্পোর্টস ডেস্ক।।
২০২৭ সালে আফ্রিকায় বসছে ক্রিকেটের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যার যার মত দল গোছাতে শুরু করে দিয়েছে দেশগুলো।
সম্পন্ন করছে প্রস্তুতি। ক্রিকেট পরাশক্তি ভারতও আগামী বিশ্বকাপ নিয়ে স্কোয়াড গোছানো শুরু করেছে। এতে দলের সবচেয়ে অভিজ্ঞ দুই তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলির খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন দেশটির বোর্ড সভাপতি মিঠুন মানহাস। তিনি জানিয়েছেন, আগামী বিশ্বকাপে রোহিত-কোহলির দলে থাকা নির্ভর করছে ফিটনেস ও পারফরম্যান্সের উপর, বয়সের উপর নয়।
স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সেই সাথে আগামী বিশ্বকাপে এই দুই তারকাকে দলে রাখা হবে কিনা, সিদ্ধান্ত নিবেন নির্বাচক ও কোচ। পাশাপাশি, আগামী বিশ্বকাপে অধিনায়ক শুবমান গিলের পাশে অভিজ্ঞ ক্রিকেটারদের থাকা কতটা গুরুত্বপূর্ণ, তা-ও তুলে ধরেছেন বিসিসিআই সভাপতি।
মিঠুন মানহাস বলেন, রোহিত ও কোহলিকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বোর্ড সভাপতির নয়।
নির্বাচক ও কোচরাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে তাঁর মতে, কোনও ক্রিকেটারকে দলে নেওয়ার ক্ষেত্রে বয়সের চেয়ে তাঁর ফিটনেস ও পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
কোনও ক্রিকেটার যদি খেলার মতো ফিট থাকেন, ভালো পারফরম্যান্স করেন এবং দেশের হয়ে ম্যাচ জেতাতে পারেন, তা হলে সেটাই তাঁর দলে থাকার প্রধান মাপকাঠি হওয়া উচিত বলে যোগ করেন তিনি।
২০২৭ সালের একদিনের বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকবে শুবমান গিলের উপর। সেই কাজে বিরাট কোহলি, রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশে পাওয়া গিলের জন্য সহায়ক হবে বলে মনে করেন মানহাস।
মানহাস বলেন, ‘দলে বিরাট, হার্দিক ও রোহিত থাকলে শুবমানের অবশ্যই সুবিধা হবে। বুমরার মতো ক্রিকেটারও রয়েছে, যে বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে পারে। একই ভাবে ফিল্ডিংয়ের দায়িত্বও কেউ সামলাতে পারে। আসল বিষয় হলো, দলের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া।’
চাপের মুখে অভিজ্ঞ ক্রিকেটারদের পারফরম্যান্সের গুরুত্বও তুলে ধরেছেন বোর্ড সভাপত বলেন, ‘ওরা অনেক বার চাপের মুখে খেলেছে এবং কঠিন পরিস্থিতিতে দলকে সাফল্য এনে দিয়েছে। তাই দলে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের এই মিশ্রণ খুবই ভালো।’
