
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুন্দর ও সন্তোষজনক বলে মন্তব্য করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া ও কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন শেষে ষোলঘর এলাকার রামকৃষ্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ডিআইজি।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে ভক্তরা নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে আসছেন এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন করছেন। ডিআইজি বলেন, গত দুই দিন সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তিনি। মঙ্গলবার সুনামগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেছেন। প্রতিটি মণ্ডপে পূজা উদ্যাপন কমিটির স্বেচ্ছাসেবকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সুনামগঞ্জে পূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, স্বেচ্ছাসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা রয়েছে এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক।
সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে ডিআইজি বলেন, তাঁরা যেন নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করেন। যেসব পূজামণ্ডপ তিনি পরিদর্শন করতে পারেননি, সেসব মণ্ডপের কমিটিকেও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলা পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ।
