শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি পুলিশ, আনসার ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা পালাক্রমে দায়িত্ব পালন করছেন।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ধামরাইয়ের বারবাড়িয়া এলাকার একটি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি বলেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে সেই দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, “সংখ্যালঘু বলে কোনো পরিচয় নেই, আমরা সবাই বাংলাদেশি।” দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশজুড়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ সৌহার্দ্যের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কোনোভাবেই পার পাবে না।
এ সময় ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন বলেন, ধামরাই আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। তিনি সবাইকে গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও জেলা পরিষদ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন জানান, পূজামণ্ডপগুলোতে প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি পুলিশ, আনসার ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা শিফটভিত্তিক দায়িত্ব পালন করছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমও চালু করা হয়েছে।
মণ্ডপ পরিদর্শনের শেষ পর্যায়ে অতিথিরা প্রতিমা ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন। পাশাপাশি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তাঁরা। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগে ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
The post ‘সংখ্যালঘু বলে কোনো পরিচয় নেই, আমরা সবাই বাংলাদেশি’ সালাউদ্দিন টুকু appeared first on ভোরের চেতনা.
