আয়োজকদের সূচি অনুযায়ী, আগামীকাল বিকাল সাড়ে ৫টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হবে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত নাটক নৃপতি।
দেশের মঞ্চনাটকে ৪৯ বছর পূর্ণ করছে নান্দনিক নাট্য সম্প্রদায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২২ ও ২৩ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে নাট্যদলটি। উৎসবে থাকছে নাটক ‘নৃপতি’র দুটি প্রদর্শনী ও ‘নয়া মানুষ’ চলচ্চিত্রের প্রদর্শনী।
১৯৭৭ সালের ১৬ অক্টোবর কয়েকজন তরুণের উদ্যোগে যাত্রা করে নান্দনিক নাট্য সম্প্রদায়। নাটকের মাধ্যমে সমাজ জীবনের প্রতিচ্ছবি তুলে ধরা এবং দর্শকের ভাবনায় আলোড়ন তোলার প্রত্যয় নিয়ে পথচলা শুরু করে দলটি।
উৎসব প্রসঙ্গে নান্দনিক নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বলেন, ‘নান্দনিক বাংলাদেশের মঞ্চনাটকের অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন। নানা চড়াই-উতরাই পেরিয়ে আমরা ৪৯ বছরের দীর্ঘ পথ অতিক্রম করেছি। নান্দনিক চেতনা জাগ্রত হোক, তোমার-আমার সবার প্রাণে—এ প্রতিপাদ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রার অংশীদার হতে চাই।’
আয়োজকদের সূচি অনুযায়ী, আগামীকাল বিকাল সাড়ে ৫টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হবে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত নাটক নৃপতি। পরদিন ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টায় আবারো মঞ্চস্থ হবে নাটকটি। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নয়া মানুষ।
নান্দনিক নাট্য সম্প্রদায়ের সভাপতি আ মা ম হাসানুজ্জামান বলেন, ‘নাটকের মাধ্যমে সমাজ জীবনের নানা জটিলতা দূর করে সুস্থ ও সৎ নাট্যচর্চার ক্ষেত্র তৈরি করা আমাদের কর্তব্য। ৪৯ বছর পূর্তি উৎসবের এ মুহূর্তে দর্শক ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানাচ্ছি। তাদের অকুণ্ঠ সহযোগিতা আমাদের প্রযোজনাগুলো মঞ্চে নিয়ে আসতে সহায়তা করেছে।’
