আগামী সপ্তাহে স্পেনে বিশেষ সম্মাননা গ্রহণ করতে যাচ্ছেন লিওনেল মেসি। মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ নিতে তাঁর এই সফর ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। কারণ, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরদিনই মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইয়র্ক রেড বুলের মুখোমুখি হওয়ার কথা ইন্টার মিয়ামির। ফলে ম্যাচটিতে আর্জেন্টাইন মহাতারকার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বিজ্ঞাপন
পুরস্কারসংশ্লিষ্ট আয়োজনের অংশ হিসেবে ২২ অক্টোবর স্পেনের ওভিয়েদো শহরে পৌঁছানোর কথা মেসির। সেদিন বিকেলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একটি বিশেষ বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। পরদিন, ২৩ অক্টোবর ঐতিহ্যবাহী তেয়াত্রো কাম্পোয়ামোরে অনুষ্ঠিত হবে মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফুটবলে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই মেসির হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
তবে স্পেন সফরের সূচি বেশ ব্যস্ত। ২৩ অক্টোবর অনুষ্ঠান শেষ করে যুক্তরাষ্ট্রে ফেরার পর পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, ২৪ অক্টোবর ইস্টার্ন টাইম বিকেল সাড়ে পাঁচটায় নিউ জার্সির হ্যারিসনের রেড বুল অ্যারেনায় নিউ ইয়র্ক রেড বুলের বিপক্ষে খেলবে ইন্টার মিয়ামি। আটলান্টিক পাড়ি দিয়ে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি মেসির শারীরিক প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। যদিও ম্যাচটি তিনি মিস করবেন, এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
এদিকে, নিউ ইয়র্ক এফসিকে ২-০ গোলে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। এই জয়ে ৫২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। নিউ ইয়র্ক রেড বুলের ম্যাচের আগে ১৭ অক্টোবর আটলান্টা ইউনাইটেডের বিপক্ষেও মাঠে নামার কথা মিয়ামির। ব্যস্ত সূচির মধ্যে মেসির শারীরিক অবস্থা, ভ্রমণ এবং বিশ্রামের বিষয়গুলো বিবেচনায় নিয়েই তাঁর পরবর্তী ম্যাচে খেলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
