টালিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়ের প্রেমের সম্পর্ক ভাঙতে যাচ্ছে-সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়েছে। তাঁদের নতুন সিনেমা ‘বহুরূপী ২’ মুক্তির আগে এ নিয়ে আলোচনা শুরু হলে এবার নিজেদের সম্পর্কের বিষয়ে কথা বলেছেন দুজনই।
কৌশানির বক্তব্য, সম্পর্কে সমস্যা থাকলেই যে বিচ্ছেদ ঘটাতে হবে, এমন নয়; আলোচনার মাধ্যমেও অনেক সমস্যার সমাধান সম্ভব।
২০১৫ সালে ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমায় কাজের সূত্রে বনি ও কৌশানির প্রেমের সম্পর্ক শুরু হয়। এরপর এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন। তবে বিয়ের আগেই বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে তাঁদের ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে কৌশানি বলেন, সব জুটি দর্শকের কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা পায় না। তবে ‘বহুরূপী’ সিনেমার মাধ্যমে তাঁদের জুটি দর্শকের ভালোবাসা পেয়েছে, যা ছবিটির জন্য ইতিবাচক।
অন্যদিকে বনি বাস্তব জীবন ও পর্দার সম্পর্কের পার্থক্য তুলে ধরেন। তাঁর ভাষ্য, বাস্তব জীবনের সঙ্গী আর পর্দার সঙ্গী এক নাও হতে পারেন। শুটিং শেষ করে দিনের শেষে তাঁকে কৌশানির কাছেই ফিরতে হবে বলেও মন্তব্য করেন অভিনেতা।
সম্পর্কে সমস্যা দেখা দিলে কী করা উচিত, সে বিষয়ে কৌশানি বলেন, সব সম্পর্কেই নানা ধরনের সমস্যা হতে পারে। কিন্তু তাই বলে সম্পর্ক ভেঙে ফেলতে হবে, এমন কোনো কথা নেই। নিজেদের মধ্যে আলোচনা করে অনেক জটিলতা মিটিয়ে ফেলা সম্ভব বলে মনে করেন তিনি।
বিচ্ছেদের গুঞ্জন নিয়ে পরিবারের সদস্যরাও তাঁকে প্রশ্ন করেন বলে জানান কৌশানি। তবে তাঁদের ব্যক্তিগত জীবনে কী ঘটছে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁদের দুজনেরই বলে মনে করেন অভিনেত্রী।
বনি ও কৌশানির বিয়ের বিষয়ে দুই পরিবারের সম্মতি রয়েছে বলে জানা গেছে। তবে আপাতত বিয়ের চেয়ে নিজেদের চলচ্চিত্রের ক্যারিয়ারে মনোযোগ দিতে চান এই তারকা জুটি।
বিআলো/শিলি