যশোরের বেনাপোল স্থলবন্দরের উপসহকারী প্রকৌশলী মেহেদি হাসান জোয়াদ্দারকে লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে বন্দরের আবাসিক এলাকার পাশে কয়েকজন মুখোশধারী তার পথ রোধ করে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হন তিনি। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেন্ডার সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, এ ঘটনায় পুলিশের কাছে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, বন্দরের একজন কর্মকর্তার ওপর হামলার ঘটনায় অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কর্মস্থলে যাতায়াতসহ সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
সংশ্লিষ্টদের মতে, বন্দর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক আশরাফ হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ তদন্ত ও অপরাধী গ্রেপ্তারে মাঠ পর্যায়ে কাজ করছে।
