কালবেলা · general
গাজীপুরে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
২৪/১০/২০২৬

গাজীপুরের শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড এলাকা থেকে ১২০ পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবল ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানার সদস্যরা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ কনস্টেবলের নাম সারোয়ার মোর্শেদ (৩৮)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বেত্রাটি গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত।
গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলেন- শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া এবং রংপুর জেলার কাউনিয়া থানার বিষ্ণুপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম কেওয়া পূর্বখণ্ড গ্রামের মোশারফের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে মোশারফের বাড়ি ভাড়া নেন জাহাঙ্গীর। এরপর থেকে ওই বাড়িতে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। শুক্রবার রাতে একটি কক্ষে পুলিশ সদস্যসহ তিনজন মাদকব্যবসা নিয়ে আলোচনার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, শুক্রবার রাতে মোশারফের বাড়িতে মাদকসহ তিনজনকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করে।
তিনি আরও জানান, পরিচয় যাচাই করে দেখা যায়, গ্রেপ্তার সারোয়ার মোর্শেদ একজন পুলিশ সদস্য। অপর দুজন মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।’
মূল প্রতিবেদনে যান ↗