ইতালিসহ ইউরোপের অধিকাংশ দেশে আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে শীতকালীন সময়। এ উপলক্ষে শনিবার (২৪ অক্টোবর) রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে। ফলে ইউরোপের বাসিন্দারা পাবেন এক ঘণ্টা বেশি ঘুমানোর সুযোগ।
ইতালি, জার্মানি, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে স্থানীয় সময় অনুযায়ী রোববার ভোর ৩টার সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ২টায় ফিরিয়ে নেওয়া হবে।
এর মধ্য দিয়ে শেষ হবে গ্রীষ্মকালীন সময় (ডে-লাইট সেভিং টাইম) এবং শুরু হবে শীতকালীন সময়। সময় পরিবর্তনের ফলে সকালে তুলনামূলক আগে সূর্যের আলো পাওয়া যাবে, অন্যদিকে বিকেলেই দ্রুত অন্ধকার নেমে আসবে।
ঘড়ির সময় পরিবর্তনের কারণে বাংলাদেশ ও ইতালির মধ্যে সময়ের ব্যবধানও বাড়বে। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ইতালির সময়ের পার্থক্য ৪ ঘণ্টা থাকলেও শীতকালীন সময় শুরু হলে তা বেড়ে ৫ ঘণ্টা হবে। অর্থাৎ বাংলাদেশে দুপুর ১২টা হলে ইতালিতে তখন সকাল ৭টা।
তবে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে এ ধরনের সময় পরিবর্তনের নিয়ম নেই। ইউরোপের অধিকাংশ দেশে মোবাইল ফোন ও ইন্টারনেট-সংযুক্ত ডিভাইসের সময় স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। কিন্তু প্রচলিত দেয়ালঘড়ি, হাতঘড়ি ও অন্যান্য যন্ত্রের সময় প্রয়োজনে নিজ হাতে ঠিক করে নিতে হবে।
উল্লেখ্য, ইউরোপে সাধারণত মার্চ মাসের শেষ রোববার গ্রীষ্মকালীন সময় শুরু হয় এবং অক্টোবরের শেষ রোববার শীতকালীন সময় চালু হয়। এর উদ্দেশ্য দিনের আলোর সঙ্গে দৈনন্দিন কার্যক্রমের সময়ের সমন্বয় করা।
