সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি সাহেদ আহমেদ আশিকের (৩৫) মরদেহ গ্রামের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা চাঁচাইতারা গ্রামে দাফন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বাদ আসর সরকারি চাঁচাইতারা মাদলা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এর আগে শুক্রবার দুপুরে সাহেদের মরদেহবাহী গাড়ি বগুড়ার মাদলা গ্রামের বাড়িতে পৌঁছায়।
মরদেহবাহী গাড়িটি গ্রামে প্রবেশ করতেই স্ত্রী, দুই সন্তানসহ স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তাঁদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন স্বজন ও প্রতিবেশীরা।
জানা যায়, গত ১০ অক্টোবর সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে ক্ষেপণাস্ত্র হামলায় সাহেদসহ ১৩ জন নিহত হন। এ ঘটনায় আরও ২৭ জন প্রবাসী বাংলাদেশি আহত হন।
সাহেদের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে যান বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। পরে তাঁরা জানাজায় অংশ নেন।
সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার সাহেদের মৃত্যুর সংবাদ শোনার পর সরকারের সহযোগিতায় প্রবাসীদের কল্যাণে নিয়োজিত দপ্তর ও রিয়াদের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। সরকারের দ্রুত পদক্ষেপের কারণে খুব অল্প সময়ের মধ্যে মরদেহটি দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, নিহত প্রবাসীর পরিবারের ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে বগুড়া সিটি করপোরেশন পাশে থাকবে।
এমএ
