শিবগঞ্জে প্রায় ৬ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণকারপট্টি এলাকার মুকিম মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- পার দিলালপুর গ্রামের বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মানিক (৩৮) ও চাঁদ শিকারী গ্রামের ইউসুফ আলী (৫০)। এসআরবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোনসহ অন্য সামগ্রী জব্দ করা হয়। শেষে আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।