বরগুনা সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মেহেদী হাসান রানা পহলান (২৭) নামে ছাত্রলীগের এক সাবেক নেতাও রয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়াইতলা এলাকায় হিরুর সেলুনের সামনে পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপর যুবকের নাম নাঈম হাওলাদার (২০)। পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ২৪ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের কাছ থেকে ১৯ পিস এবং অপরজনের কাছ থেকে ৫ পিস ইয়াবা পাওয়া যায়।
পুলিশ জানায়, মেহেদী হাসান রানা পহলান পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতলী এলাকার মো. ফজলুল হক দুলুর ছেলে। তিনি কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক। অন্যদিকে, নাঈম হাওলাদার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ ডৌয়াতলা এলাকার মো. সিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে।
গ্রেপ্তারের পর তাঁদের সঙ্গে নিয়ে আরও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে অভিযান চালায় পুলিশ। পরে তাঁদের বরগুনা সদর থানায় নেওয়া হয়।
এ ঘটনায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বরগুনা সদর থানায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৪৯ এবং জিআর নম্বর ৫০১।
মামলাটির তদন্তভার পেয়েছেন বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ মুন্সি। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
The post বরগুনায় ২৪ পিস ইয়াবাসহ ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২ appeared first on ভোরের চেতনা.
