১৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে নেলসন দিলীপকুমার পরিচালিত রজনীকান্ত অভিনীত ছবি ‘জেলর ২’। ছবিমুক্তির আগে এক বিশেষ ‘সুপার শো’-এর আয়োজন করেছিলেন নির্মাতারা। সেই অনুষ্ঠানে ছবির কলাকুশলীদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন রজনীকান্ত ও নেলসন। সেখানেই অভিনেতার বিনয়ী স্বভাবের রহস্য জানতে চান পরিচালক। উত্তরে রজনীকান্ত জানান, আজও তাঁর বাস কন্ডাক্টরের চাকরির কথা মনে পড়ে।
অনুষ্ঠানে রজনীকান্তকে প্রশ্ন করেন পরিচালক, তাঁর এই বিনয় কি সহজাত, নাকি অন্যদের কথা ভেবে নিজেকে সে ভাবে ধরে রাখেন? উত্তরে অভিনেতা বলেন, “দেখুন, আমি তারকা হলেও অভিনয়টা করতে খুব ভালবাসি। কিন্তু তার চেয়েও বেশি ভাল লাগত, কন্ডাক্টরের কাজ করতে। পাঁচ বছর বাস কন্ডাক্টরের চাকরি করেছি। আজও সেই কাজের কথা মনে পড়ে। সত্যিই ভীষণ মনে পড়ে। নিজেকে কখনও তারকা বলে ভাবতে পারিনি।”
তিনি আরও বলেন, “এই তারকাখ্যাতি, যশ, প্রতিপত্তি— সবই ঠিক আছে। কিন্তু সত্যি বলতে, নিজেকে কন্ডাক্টর হিসেবে ভাবতেই বেশি ভাল লাগে। সেই কারণে প্রায়ই বেঙ্গালুরু যাই। কন্ডাক্টরদের নানা ধরনের মানুষের সঙ্গে মিশতে হয়। আমিও নিজেকে বাস কন্ডাক্টর হিসেবেই দেখি। তাই আমার মতো একজন বাস কন্ডাক্টর আপনার মতো বড় ব্যক্তিত্বের সামনে আর কী ভাবেই বা আচরণ করবে?”
রজনীকান্তের কথা শুনে হেসে ফেলেন নেলসন। ছবির দলের সদস্যেরাও হাততালি দিয়ে তাঁকে উৎসাহ দেন। নেলসন বলেন, “স্যার, আমি জানতাম আপনি এমনই কিছু একটা বলবেন।”
বেঙ্গালুরুতে এক মরাঠী পরিবারে জন্ম রজনীকান্তের। ছোটবেলায় রামকৃষ্ণ মঠে বেদশিক্ষা নিয়েছিলেন তিনি। সেখান থেকেই তাঁর মধ্যে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ তৈরি হয়। মঠের নাটকে অভিনয় করতে করতেই অভিনয়ের প্রতি ভালবাসা জন্মায় তাঁর। পড়াশোনা শেষ করার পর জীবিকার তাগিদে নানা ধরনের কাজ করেছেন রজনীকান্ত। কুলি থেকে বাস কন্ডাক্টর— কাজের অভিজ্ঞতার তালিকায় রয়েছে অনেক কিছুই।
পরবর্তী সময়ে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করার সুবাদে অভিনয়ের জগতে প্রবেশের সুযোগ পান তিনি। পরিচালক কে বালচন্দ্রের নজরে পড়ার পরই বদলে যায় তাঁর জীবনের গতিপথ। ছবিতে অভিনয় করার জন্য তামিল ভাষাও শিখেছিলেন রজনীকান্ত। তার পরের ইতিহাস সকলেরই জানা।
