নিজস্ব প্রতিবেদক · ১৬ অক্টোবর, ২০২৬ ৩:৩০ অপরাহ্ন
সিলেট নগরের জিন্দাবাজারে পাঞ্জাবির দাম বাড়িয়ে বড় অঙ্কের মূল্য ছাড়ের বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে ‘জোহা’ নামের একটি শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানে শোরুমটির পাঞ্জাবির ক্রয়মূল্য ও বিক্রির জন্য নির্ধারিত দামের মধ্যে অসংগতি ধরা পড়ে।
অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, শোরুমের একটি পাঞ্জাবির ক্রয়মূল্য ছিল ৭০০ টাকা। অথচ সেটির প্রাইস ট্যাগে লেখা ছিল ২ হাজার ৮৯০ টাকা। পরে ট্যাগে উল্লেখ করা দামের ওপর ৭০ শতাংশ ছাড় দিয়ে পাঞ্জাবিটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় ৮৬৭ টাকা। অর্থাৎ ক্রয়মূল্যের চেয়ে ১৬৭ টাকা বেশি দামে বিক্রির ব্যবস্থা রেখেও ছাড়ের প্রচার করা হচ্ছিল।
শোরুমের ইনভয়েস ও প্রাইস ট্যাগ যাচাই করে এই অসংগতি শনাক্ত করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ বিষয়ে শোরুমের প্রতিনিধির কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরে মূল্য নির্ধারণে ভুলের কথা স্বীকার করেন তিনি।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে নগরের বিভিন্ন বিপণিবিতান ও দোকানে মূল্যছাড়ের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এসব ছাড়ের আড়ালে ক্রেতারা যাতে প্রতারণার শিকার না হন, সে জন্য কয়েক দিন ধরে অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক এসব অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ক্রেতাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
গুগলে আমাদের খবর পেতে
