যশোর অফিস : যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৭ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, জিরা, কিশমিশসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৯ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৭৬টি শাড়ি, তিনটি কম্বল, ৫০০ গ্রাম জিরা, সাত প্যাকেট ফুসকা, দেড় কেজি কিশমিশ ও ১০১টি কসমেটিকস সামগ্রী।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
