বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে পাবনায় ডিবি পুলিশ পৃথক অভিযানে চারজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । তাদের কাছ থেকে চারটি দেশীয় ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আলাল শেখ (৫২), আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের জনি কাজী (২৮), ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর গ্রামের জলিল মন্ডল (২৮) ও একই ইউনিয়নের মিরপুর গ্রামের বাবলু মন্ডল (২৬)।
প্রেস ব্রিফিংয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), রকিবুল হাসান ইবনে রহমান জানান, বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুরে প্রথম অভিযান চালানো হয়। এ সময় দুটি ওয়ান শুটারগান, আট চেম্বারবিশিষ্ট একটি .২২ বোরের বিদেশি রিভলবার, ১০ রাউন্ড তাজা গুলি ও অস্ত্র বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আলাল শেখ ও জনি কাজীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এরপর বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর ও সুজানগর উপজেলার নাজিরগঞ্জ বাজার এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় আরও দুটি দেশীয় ওয়ান শুটারগান ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় জলিল মন্ডল ও বাবলু মন্ডলকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে একজন পলাতক রয়েছেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও অস্ত্র মামলা ছিল। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), রকিবুল হাসান ইবনে রহমান জানান, পৃথক দুই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
