স্পোর্টস ডেস্ক।।
প্যারিসের অস্থিরতার মধ্যে লিওনেল মেসির স্মারকসামগ্রী চুরির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুই মুখোশধারী ব্যক্তিকে মেসির স্বাক্ষরযুক্ত বার্সেলোনার জার্সি ও অধিনায়কের বাহুবন্ধনী প্রদর্শন করতে দেখা গেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস ও ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম নোগোমানিয়া এ খবর জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের রাজধানী প্যারিসের প্লাস দ্য লা রিপাবলিক এলাকার কাছে একটি দোকান থেকে স্মারকসামগ্রী দুটি চুরি হয়েছে বলে অভিযোগ। পরশু রাতে পিএসজি-বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে এই ঘটনা ঘটে। মেসি দুই ক্লাবের হয়েই খেলেছেন।
ফুটবল স্মারকসামগ্রীর বাজারে মেসির ব্যবহৃত ও স্বাক্ষরযুক্ত জার্সির দাম আকাশছোঁয়া। তিন বছর আগে কাতারে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের হয়ে মেসির পরা ছয়টি জার্সি নিলামে বিক্রি হয়েছিল। প্রতিটি জার্সির দাম ছিল ১০ লাখ ডলারেরও বেশি। ফুটবল স্মারকসামগ্রী নিলামের ইতিহাসে এটি একটি রেকর্ড।
এখন চুরি হওয়া জিনিসগুলোর মূল্য নির্ভর করবে বেশ কয়েকটি বিষয়ের ওপর। যেমন—কোন ম্যাচে সেগুলো ব্যবহার করা হয়েছিল, ওই দিন মেসির পারফরম্যান্স কেমন ছিল, স্মারকসামগ্রীর অবস্থা এবং সংগ্রাহকদের চাহিদা। উদ্ধারের আগেই জার্সি ও বাহুবন্ধনী কালোবাজারে বিক্রি করা হলে সেগুলোর দাম কয়েক হাজার ডলার হতে পারে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকসংকট এবং সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে গত ১৭ অক্টোবর প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
সরকারের অর্থনৈতিক নীতি ও জনসেবার মান নিয়েও ক্ষোভ রয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভের পাশাপাশি বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় প্রায় দুই হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
