দীর্ঘ অপেক্ষার পর চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে ‘ফেউ’র দ্বিতীয় সিজন। নির্মাতা সুকর্ণ সাহেদ ধীমান ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি সূত্রে মিলেছে এমনই আভাস।
সুন্দরবনে শুটিং, চারপাশে কুমিরের ভয়, তার ওপর রাতের তীব্র ঠান্ডা। ওয়েব সিরিজ ‘ফেউ’র শুটিং করতে গিয়ে এমনই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সুন্দরবনে টানা প্রায় এক মাস শুটিং হয়েছে সিরিজটির। এর মধ্যে ২০ দিনের বেশি শুটিংয়ে অংশ নিয়েছিলেন চঞ্চল।
‘ফেউ’র শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমরা যখন শুটিং করেছি তখন ছিল প্রচণ্ড ঠান্ডা। মাস খানেক সুন্দরবনে শুটিং হয়েছে, যার মধ্যে আমি ছিলাম ২০ দিনের বেশি। রাতে যখন লঞ্চে ঘুমাতাম, খুব ঠান্ডা লাগত। আমি শীতের জামা-কাপড় পরেই ঘুমাতাম। তবে ঠান্ডার চেয়েও ভয়ের বিষয় ছিল কুমির।’
শুটিংয়ের সময় কুমিরের উপস্থিতি যে বাড়তি আতঙ্ক তৈরি করেছিল, সে কথাও জানান চঞ্চল। তার ভাষায়, ‘আমাদের লঞ্চ যেখানে নোঙর করা ছিল, সেখানে ছিল কুমিরটা। সকালে জানালা দিয়ে মুখ বের করলেই কুমির এবং আরও বিভিন্ন পশু-পাখি দেখা যেত। আমরা লঞ্চ থেকে শুটিং স্পটে যেতাম ছোট ছোট ট্রলারে। রাতেও শুটিং করতে হতো, খুব কঠিন পরিস্থিতি ছিল।’
১৯৭৯ সালের জানুয়ারি থেকে মে মাসে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার মরিচঝাঁপি দ্বীপে ঘটে যাওয়া গণহত্যার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘ফেউ’। তবে ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট থাকলেও সিরিজটি ফিকশনাল। এর গল্প লিখেছেন সুকর্ণ সাহেদ ধীমান ও রোমেল রহমান। চিত্রনাট্য করেছেন সুকর্ণ সাহেদ ধীমান ও সিদ্দিক আহমেদ।
২০২৫ সালের ৩০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছিল ‘ফেউ’র প্রথম সিজন। তখন জানা গিয়েছিল, দুই সিজনের শুটিং একটানা সম্পন্ন হয়েছে। ফলে প্রথম সিজন মুক্তির কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় সিজন দেখার প্রত্যাশা তৈরি হয়েছিল দর্শকের মধ্যে। কিন্তু দীর্ঘ সময়েও মুক্তির ঘোষণা না আসায় অপেক্ষা বাড়তে থাকে।
চরকি কর্তৃপক্ষও জানিয়েছে, চলতি বছরেই সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ নিয়ে আলোচনা চলছে। শিগগিরই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
চঞ্চল চৌধুরী ছাড়াও ‘ফেউ’ সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, মোস্তাফিজুর নূর ইমরান, তাহমিনা অথৈ, তানভীর অপূর্ব, হোসেন জীবন, রিজভি রিজু, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।
