ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের ষোলহাশিয়া গ্রামে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আগুনে একটি আধাপাকা বাড়ির আটটি কক্ষ এবং ভেতরে থাকা সব মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে হঠাৎ ওই বাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গফরগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই মূলত এই আগুনের সূত্রপাত হয়েছে। স্টেশন থেকে দ্রুত টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেললেও এর আগেই আগুনে বাড়িটির আটটি কক্ষ ও ভেতরের সব আসবাবপত্র ও মালামাল পুড়ে পুড়ে পুড়ে যায়।
